ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে সরকার।মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বাস্তবতায় সরকার আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষার বিষয়বস্তু যুক্ত করা হবে। ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্স রাখা হয়েছে। সপ্তম শ্রেণিতে থাকবে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ।অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিংয়ের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।


পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের বিষয় যুক্ত করা হবে বলে জানান তিনি।শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহার শেখালেই হবে না, এআইয়ের দেওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শিক্ষার্থীদের শেখাতে হবে।



এসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা।


এ ছাড়া নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা বলে জানান শিক্ষামন্ত্রী।

ads
ads
ads

Our Facebook Page

↑